মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে তাঁরা রাষ্ট্রপতির বাসভবন, সফরসূচির আওতাধীন গুরুত্বপূর্ণ স্থান, যাতায়াতের সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি ও পুলিশ সুপার সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থাপনায় পারস্পরিক সমন্বয়, দায়িত্বশীলতা, সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থান ও চলাচলের সড়কসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।