সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পরিবেশ বিনষ্ট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানে ভাটাগুলোকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এর ফলে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরগোচর হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা ও ইটভাটার কার্যক্রম চলায় এলাকার কৃষিজমি, পাহাড়ি ভূমি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এ ধরনের আইনগত অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।