মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী (এমপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ বিন আখন্দ।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাণিসম্পদ দপ্তর থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন এমন কয়েকজন সেবাগ্রহীতা তাঁদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের আরও উন্নয়ন এবং খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তাঁরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খামারি ও সেবাগ্রহীতারা।