মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সার্বিক পুলিশি কার্যক্রমে দক্ষতার স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁও জেলার ৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বালিয়াডাঙ্গী থানা। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী থানার ওসি মোঃ বুলবুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আলমগীর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের পেশাদারিত্বসহ বিভিন্ন কার্যক্রমের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে জেলার ৭টি থানার মধ্যে বালিয়াডাঙ্গী থানাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠত্বের ক্রেস্ট পাওয়ায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ অর্জন ভবিষ্যতে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ওসি মোঃ বুলবুল ইসলাম বলেন, এই অর্জন শুধু একজন কর্মকর্তার নয়; এটি বালিয়াডাঙ্গী থানা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।