মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬ খ্রি.) জেলা তথ্য অফিস, শেরপুরের উদ্যোগে GPMS কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ নারী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়। একই সঙ্গে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, মানসিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গুজব ও অপতথ্য প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজে সচেতনতা তৈরির পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়।
নারী সমাবেশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসব সমস্যা প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।