শফিকুল আলম টিটন
এই পৃথিবীর কয়টা আকাশ
আকাশ কাড়ি কাড়ি!
মাথার ওপর এক টা আছে
একটা দাদুর বাড়ি।
একটা আকাশ ফুপির বাড়ি
মাথার ওপর ঠিক,
দিকে দিকে নীল ছড়ালো
আকাশও নির্ভিক।
চাচুর বাড়ির আকাশ যেনো
বৃষ্টি ঝরায় রোজ,
ভেবে ভেবে কুল কিনারা
পায় না শিশু খোঁজ।
মামার বাড়ির আকাশখানা
আহ্লাদে আটখানা,
জোছনা ছড়ায় পূর্ণিমাতে
তাক ধিনা ধিন তানা।
খালার বাড়ি পৌষ মাঘে
ঠক ঠকানি শীতে,
কুয়াশাতে আকাশ যেনো
পায় নাতো লোড নিতে।
এত্ত আকাশ ভাবছে শিশু
এই পৃথিবীর আছে,
কখনও সে বেজায় খুশি
কখনও সে নাচে।
টুকরো টুকরো আকাশগুলো
শিশুর মনে জানা,
সবার আকাশ জোড়া দিলে
আকাশ তো একখানা ।।