মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন তাদের সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
পরবর্তী সময়ে পুলিশের সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।