লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হাতীবান্ধা সীমান্তের পূর্ব সারডুবি বিওপি ও পাটগ্রাম সীমান্তের ঝালংগী বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দোলাপাড়া এলাকা থেকে ৬টি এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কাউয়াবাজার এলাকা থেকে ১টি ভারতীয় গরু আটক করে।
এছাড়াও ধরলা বিওপির সরকারেরহাট শালবাগান এলাকায় ৮৮০/১৭ এস মেইন পিলারের ৩০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ লাভলু মিয়া (২৯) নামে একজন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার টাকা। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।