খুলনা প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় ১৯৮২ সালের একটি ১০ টাকার নোট উপহার দিয়েছেন মনিরুল ইসলাম সাগর। ঐতিহাসিক এই নোটটি তিনি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেন।১৯৮২ সালের ৩ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক চালু করা ১০ টাকার এই নোটটি ঐতিহ্য সংগ্রহশালায় সংরক্ষণের জন্য উপহার দেওয়া হয়। মূল্যবান এই স্মারকটি হাতে পেয়ে আনন্দিত ও আবেগাপ্লুত হন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।মনিরুল ইসলাম সাগর দীর্ঘদিন ধরে খুলনার ফটো এস্টার্ট ও পিটিআই মোড়ের কমিশনার বিল্ডিংয়ের নিচে ব্যবসা পরিচালনার মাধ্যমে পরিচিত। তিনি খুলনা আর্ট একাডেমির একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনে সুখে-দুঃখে পাশে থেকে তিনি নানাভাবে সহযোগিতা করে আসছেন।নোটটি গ্রহণ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার চেষ্টা করে যাব। মনিরুল ইসলাম সাগর ভাই তাঁর সাধ্য অনুযায়ী ভবিষ্যতেও ঐতিহ্যবাহী সামগ্রী উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁর এই মূল্যবান উপহারে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই নোটটি শুধু একটি পুরোনো টাকা নয়; এটি আমাদের ইতিহাস, স্মৃতি, সময় ও ভালোবাসার একটি মূল্যবান নিদর্শন।”
তিনি মনিরুল ইসলাম সাগর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, সুখ ও মঙ্গল কামনা করেন।
ঐতিহ্য সংগ্রহশালায় নতুন সংযোজন ১৯৮২ সালের ১০ টাকার নোটটি খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় নতুন একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেল। মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে এই সংগ্রহশালা।২০২২ সাল থেকে গড়ে ওঠা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় বর্তমানে ৩০০ প্রকারেরও বেশি ঐতিহ্যবাহী সামগ্রী সংরক্ষিত রয়েছে। দেশের ইতিহাস, সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যের স্মৃতি সংরক্ষণ করে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরাই এই সংগ্রহশালার অন্যতম উদ্দেশ্য।সংগ্রহশালায় ভবিষ্যতে আরও কোনো ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী সামগ্রী সংযোজিত হলে তা ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।