হারাধন সূত্রধর, পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলাকে সামনে রেখে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামের মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সোমবার তিনি সরেজমিনে স্টেডিয়ামের মাঠের প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় মাঠ প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
গুরুত্বপূর্ণ এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে যেকোনো পরিস্থিতিতে যাতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা সুন্দর ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি খেলা নয়, এটি জেলার তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশের বড় প্ল্যাটফর্ম। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে।
উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ঘিরে নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী দল ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।