হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোন ব্যবহারের কুফল এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে এ সচেতনতামূলক আলোচনা করেন। এ সময় তাঁর সঙ্গে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান পিপিএম উপস্থিত ছিলেন।
আলোচনায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হওয়া এবং জীবনের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে শিক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য পূর্বধলা থানা পুলিশ ও প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পূর্বধলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।