জেসমিন আক্তার (মনি) রংপুর প্রতিনিধি:
নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা এবং একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। অনেকেই তথ্য দিতে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে পরিচয় প্রকাশ করতে চান না, তাই তাদের জন্যই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মে পরিচয় গোপন রেখে তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে। নাগরিকদের দেওয়া তথ্য সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে যাবে, যা অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়তা করবে।
ওয়েবসাইটটির মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।
অ্যাপের প্রতিষ্ঠাতা আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফখরুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, নিরাপদ শহর শুধু প্রশাসনের একার পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর ও নিরাপদ রংপুর গড়ে তুলতে।