থানচি (বান্দরবন) প্রতিনিধি
সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ ও চাঁদাবাজি প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে থানচি-বান্দরবান সড়ক থেকে জেএসএস সশস্ত্র গ্রুপের এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ ডমিনেশন টহল দল থানচি-নীলগিরি সড়কের বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এর সার্বিক দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এডি মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে পরিচালিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।
অভিযানকালে আম বোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় জেএসএস-এর সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য সূর্য সেন চাকমা কে চাঁদার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। আটকৃতের পিতার নাম চিকন্যা চাকমা, মাতার নাম হিন্দুমিল্যা চাকমা। বাড়ি থানচি উপজেলার অনিলপাড়া গ্রামে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিজিবির এ ধরনের সময়োপযোগী অভিযানের ফলে স্থানীয় জনগণ ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।