হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ আগস্ট (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সম্মেলনে জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত চলমান কার্যক্রমের পর্যালোচনা, খাসজমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে ডিজিটাল ভূমি সেবার সুবিধা প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে পৌঁছে দিয়ে রাজস্ব প্রশাসনকে পুরোপুরি জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা পরিচালনা ও সার্বিক উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। সম্মেলনে জেলা রাজস্ব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং রাজস্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।