হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন ছাত্রীদের বরণ করে নেন কলেজের শিক্ষকরা। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ছাইয়েদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ তালুকদার এবং অর্থনীতি বিভাগের প্রভাষক সাবিহা সাওদা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম নবীন ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
প্রধান আলোচক অধ্যক্ষ রাবেয়া আলী নবীন ছাত্রীদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাজীবনের এ গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত ক্লাস, অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।