জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার ভোরে নগরীর শালবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজীব হোসেন ওরফে মেরিল সুমন নগরীর শালবন এলাকার আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক, ধর্ষণ ও অস্ত্রসহ মোট ২৬টি মামলা রয়েছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসআরবি-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার মেরিল সুমন দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী তৈরি করে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি আরও জানান, বিগত সময়ে ৬টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা ২৬ মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলা হাজতে গেলেও আইনের ফাঁক গলে বেরিয়ে এসে আবারও অপরাধের নেতৃত্ব দিত সে। কুখ্যাত এই শীর্ষ সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ভুক্তভোগীরা। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।