মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আব্দুল জলিল কোম্পানি নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জামাদি জব্দ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে আব্দুল জলিলকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি স্যালু মেশিন, ২টি পাম্প, ২টি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।