স্টাফ রিপোর্টার, নীলফামারী
অবৈধ ইটভাটা বন্ধে করণীয় ও পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণ বিষয়ে নীলফামারীতে ইটভাটা মালিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী সভায় অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধসহ পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত রেজা আমিন। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে নুর আলম বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে অবৈধ ইটভাটার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইট প্রস্তুতের সুবিধা এবং এ বিষয়ে সরকারের নির্দেশনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন সনাতন পদ্ধতিতে পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণে ইটভাটা মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ ইটভাটা পরিচালনা না করা এবং অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করেন।
সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশও দূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।