নিজস্ব প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে চাটগাঁ ভাষার সংরক্ষণ, বিকাশ এবং ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এআই যুগে চাটগাঁ ভাষা, ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতি’ শীর্ষক সেমিনার।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরো অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক ড. হামিদা বেগম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল এবং সাবেক অতিরিক্ত সচিব ও লেখক মুহাম্মদ হারুন চৌধুরী।
আলোচকেরা চাটগাঁ ভাষার ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভাষাটিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে চাটগাঁইয়া ছড়া ও কবিতা পাঠ করেন কবি জয়নাল আবেদিন মুকুল এবং ছড়াকার জুলফিকার সাদাত। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীতশিল্পী কান্তা নন্দী ও গিয়াস উদ্দিন এবং সংস্কৃতিজন মুকিত জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। সমাপনী পর্বে বরেণ্য সংগীতশিল্পী সন্দীপনের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
সেমিনারের প্রথম পর্বে চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী কান্তা নন্দী, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী কর্নেল ডা. এস এম বেলাল উদ্দিন এবং ওস্তাদ জামাল হাসান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শামান্তা শাহীন ও ফারজানা হক সোনিয়া। প্রথম রানারআপ হন আল আমিন রনি ও ইশয়াত আহমেদ জাহিন এবং দ্বিতীয় রানারআপ হন নাগীস নিলা ও শিল্পী আকতার।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নবীন ও প্রবীণ শিল্পীদের কণ্ঠে ‘ও ভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’ গানটির পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা আলতাফ মোল্লা। পবিত্র গীতা পাঠ করেন গোবিন্দলাল সরকার এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্যামল মিত্র বড়ুয়া।
সবশেষে চাটগাঁ ভাষার সংরক্ষণ ও বিকাশে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট ‘চাটগাঁ ভাষা পরিষদ-ঢাকা’ কমিটি গঠন করা হয়। কমিটিতে লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক ড. মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈলকে সহসভাপতি এবং তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, চাটগাঁ ভাষার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভাষাটির চর্চা ও প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।