কলমে: কমলেশ হালদার
আঘাতকারী ভুলে যায়—
কাকে কতটা কাঁদিয়েছে,
কোন কথার ধারালো ছুরিতে
কোন হৃদয়টা কেটেছে।
সে ভুলে যায় সেই রাতগুলো,
ভুলে যায় চোখের জল,
ভুলে যায় তার একটুখানি নিষ্ঠুরতা
কতটা করেছে জীবনটা বিষময়।
কিন্তু যার গায়ে আঘাত লাগে,
সে ভুলতে পারে না সহজে—
প্রতিটি ক্ষতের ইতিহাস
লিখে রাখে নীরব হৃদয়ের খাতায়।
কোন কথায় বুকটা ভেঙেছিল,
কোন বিশ্বাসটা মাটিতে মিশেছিল,
কোন আপন মানুষ পর হয়ে গিয়ে
নিঃশব্দে দূরে সরে গিয়েছিল।
আঘাতের দাগ হয়তো মুছে যায়,
সময় হয়তো শুকিয়ে দেয় ক্ষত,
তবু কিছু ব্যথা থেকে যায়—
নীরব, গভীর, আজীবন অমোচনীয় সত্য।
তাই কাউকে আঘাত করার আগে
একবার থেমে ভেবে নিও—
তোমার কাছে যা সামান্য ভুল,
কারও কাছে তা সারাজীবনের ক্ষত হতে পারে।
কারণ আঘাতকারী ভুলে যায়,
কিন্তু আঘাত-পাওয়া মানুষ
প্রতিটি আঘাতের ইতিহাস
আজীবন মনে রাখে।