পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে নেত্রকোনায় সার ডিলারদের দোকানে আকস্মিক মনিটরিং পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
মনিটরিংকালে সার ডিলারদের মজুদ পরিস্থিতি, বিক্রয়মূল্য, বিক্রয় রেজিস্টারসহ সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনার উপপরিচালক মো. আমিরুল ইসলাম।
কৃষকের অধিকার সুরক্ষা, ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।