স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে জেলেরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, শুধু অভিযান নয়, নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জেলেদের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে নদী-খাল ও জলাশয়ে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
দিনভর অভিযানকালে নেতৃত্বদেন উপজেলা গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুর রহমান, গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস টিম।