মোঃ শাহ্ আলম সরকার, গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্মনিবন্ধনে ভুল তথ্য দিয়ে উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার ক্ষুণ্নের চেষ্টার অভিযোগ করেছেন বিধবা নাদিয়া আক্তার সেতু। এ ঘটনায় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক আবেদন করেছেন।
নাদিয়া আক্তার সেতু কোনাবাড়ী থানাধীন হরিনা চালা পারিজাত এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী আনোয়ার জাহিদ উজ্জ্বল ২০১৮ সালে এবং শ্বশুর মো. ছবদের আলী ২০২৩ সালে মারা যান।
আবেদনে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিজেই দুই ছেলেকে লালন-পালন করছেন। সম্প্রতি জানতে পারেন, তার দুই সন্তানের নামে পৃথকভাবে আরও দুটি জন্মনিবন্ধন তৈরি করা হয়েছে। যেখানে সন্তানদের নাম, জন্মতারিখ ও মায়ের নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। অথচ তার কাছে সন্তানদের সঠিক জন্মনিবন্ধন রয়েছে।
নাদিয়ার আশঙ্কা, ভুল তথ্যের জন্মনিবন্ধন ব্যবহার করে তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে। বিষয়টি নিয়ে তিনি আগেও থানায় অভিযোগ করেছেন।
সিটি করপোরেশনের কাছে দেওয়া আবেদনে তিনি দুটি ভুয়া জন্মনিবন্ধন বাতিল চেয়েছেন। নম্বর দুটি হলো— ২০১৪৩৯৩০৮০৫৭৯৪, জন্মতারিখ ২০ মে ২০১৪ এবং ২০১৫৩৯৩০৮০৫৭৯৪৩, জন্মতারিখ ২১ এপ্রিল ২০১৫।
পুলিশ কমিশনারের কাছে তিনি সঠিক জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ওয়ারিশ সনদ যাচাই করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।