নিজস্ব প্রতিবেদক, কলকাতা:
সাহিত্যে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ‘জীবনকৃতি সম্মাননা ২০২৫’ পেলেন কবি ও লেখক মহম্মদ মফিজুল ইসলাম। সোমবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা তুলে দেন পত্রিকার সম্পাদক ড. স্বরূপ মালাকার, গিনেস রেকর্ডধারী লেখক পৃথ্বীরাজ সেন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি ড. শ্যামল গুপ্ত, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী ও সাহিত্যিক ড. দেবব্রত দত্ত প্রমুখ।
সম্মাননা গ্রহণের পর কবি পাঠ করেন তাঁর স্বরচিত কবিতা “মৃত লাশ যদি কথা বলতে পারতো”, যা শ্রোতাদের গভীরভাবে নাড়া দেয়। করতালিতে মুখর হয় গোটা সভাঘর।
কবি বলেন, “এই স্বীকৃতি আমার লেখাকে আরও জীবন্ত করে তুলবে। সাহিত্যই মানুষের অন্তরজগতের সেতুবন্ধন।”