মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৫০সালে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন্দ্রটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যেখানে একজন এম বি বি এস ডাক্তার সহ একজন ফার্মাসিস্ট,একজন মেডিকেল এসিস্টেন,এবং একজন পিয়ন থাকার কথা থাকলেও নিয়ম বহির্ভূতভাবে একজন মিডওয়াইফ(রাবেয়া বেগম)কে দিয় সপ্তাহে দুই দিন কোনরকম চলছে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি।
কাগজে-কলমে ঔষধ সহ সকল সুযোগ-সুবিধা ও বরাদ্দ থাকলেও মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রায় শূন্য। স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগীরা চিকিৎসা পাচ্ছেন না; বরং রোগীরা আসেন চিকিৎসা নিতে, কিন্তু ফিরতে হয় খালি হাতে।
স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যাশী শাহ্ আলম বলেন,
এখানে আসলে চিকিৎসা পাওয়া যায় না। ভেতরে ময়লা আবর্জনা, পশুর মলমূত্রের দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। ঔষধ চাইলে খারাপ ব্যবহার করা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি সপ্তাহে ছয়দিন খোলার নিয়ম থাকলেও, কর্মকর্তাদের ইচ্ছাধীনভাবে চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুবীর সরকার জানান,
জনবল সংকট এবং সরকারের ভাড়া বকেয়া থাকায় সমস্যা তৈরি হয়েছে। তবে শিগগিরই নিয়োগ ও উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হবে।
হাওরবেষ্টিত এলাকায় অবস্থিত হওয়ায় এই স্বাস্থ্যকেন্দ্রটি একসময় প্রাথমিক চিকিৎসার সহজ ভরসা ছিলো। কিন্তু এখন জীর্ণ-শীর্ণ অবস্থার কারণে স্থানীয় গ্রামবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এমনকি গ্রামীণ নারীরাও বঞ্চিত হচ্ছেন এ স্বাস্থ্যসেবা থেকে।
সেবা বঞ্চিত স্থানীয়দের প্রত্যাশা,অতিদ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে আবারো সচল হবে উপ-স্বাস্থ্যকেন।