হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।