পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় কংশ নদীতে পড়ে সাদিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর আজ শনিবার (২৯ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া আক্তার পূর্বধলা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেন ও রোজিনা বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টা থেকে ২টার মধ্যে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির পূর্ব পাশে কংশ নদীর তীরে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতে দাদির অজান্তে শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়।
শিশুটিকে দেখতে না পেয়ে দাদি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও গত শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাননি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন নিকটাত্মীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।