থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর দপ্তরের ২নং গেট সংলগ্ন বলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, মো. আলমগীর হোসেনের হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম ও সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৪টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
৩৮ বিজিবির একটি সূত্র জানায়, মধ্যরাতে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন পার্শ্ববর্তী বাজারে ছড়াতে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।