হাসান মাহমুদ
বাংলার মৃত্তিকার কবি, মুক্তিযোদ্ধা ও সাহিত্য সম্পাদক আল মুজাহিদী-এর স্মরণে রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় কবিতা বাংলাদেশ-এর উদ্যোগে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান এবং কবি নাসির হেলাল।
কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন কবি মুহাম্মদ আবদুল বাতেন, কবি হারুন ইবনে শাহাদাত, দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মানোয়ার, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি ও গবেষক এবং নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন এবং কবি হাসিনা মমতাজ।
স্মরণসভায় কবি আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল ও কবি আরিফ হোসেন সবুজ। এছাড়া কবিকে উৎসর্গ করে নিবেদিত কবিতা পাঠ করেন কবি শহীদ সিরাজী, কবি নাসরিন ইসলাম শেলীসহ আরও অনেকে।
আলোচকরা বলেন, আল মুজাহিদী ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বাংলার মৃত্তিকালগ্ন কবি এবং নিবেদিতপ্রাণ সাহিত্য সংগঠক। বাংলা সাহিত্যের বিকাশ, নবীন লেখক তৈরিতে উৎসাহ প্রদান এবং সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর কাব্যচেতনার মূল ভিত্তি ছিল গভীর দেশপ্রেম, মানবপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং যুদ্ধবিরোধী মানবিক দর্শন। তাঁর সাহিত্যকর্ম ও সাংগঠনিক উদ্যোগ আগামী প্রজন্মের কবি-সাহিত্যিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন এবং প্রয়াত কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।