• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের চিম্বুক রেঞ্জের পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের এলাকায় শিক্ষার সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠা করা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র হাই স্কুল)। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে শ্রেণি পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়টির নাম দেওয়া হয়েছে চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

গত ১৪ নভেম্বর বান্দরবান টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বান্দরবান-রুমা-থানচি সড়কে ম্রলং পাড়া থেকে জীবননগর এলাকা পর্যন্ত সড়কের এপার-ওপার প্রায় ৪০টি পাড়া-গ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। কিন্তু এই বিশাল এলাকাজুড়ে কোনো উচ্চবিদ্যালয় তো দূরের কথা, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও নেই।

ভবিষ্যতে উন্নত জীবন গড়ার লক্ষ্যে এখানকার ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ তৈরি করতে চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয়দের মধ্যে এ পর্যন্ত বিভিন্ন স্থানে ছয়বার সভা হয়েছে।

তারই অংশ হিসেবে গত ১২ নভেম্বর এলাকায় ৬ষ্ঠ বারের মতো শিক্ষাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বান্দরবান জেলা পরিষদের সদস্য দনওয়াই ম্রো, ইমানুয়েল মেডিকেল সেন্টার ও সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. জ্যোতিময় মুরং, দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেনয়াং ম্রো ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ম্রোসহ ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন।

শিক্ষানুরাগী ও টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো জানান, চারজন শিক্ষক ও একজন অফিস সহায়ক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ নিয়োগ প্রক্রিয়ায় এক-তৃতীয়াংশ নারী প্রার্থীকে বিবেচনায় আনার সিদ্ধান্ত রয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা হয়। এরপরে বিভিন্নভাবে চেয়ার-টেবিলসহ বিদ্যালয়ের আসবাবপত্রের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান চেয়ারম্যান মাংইয়ং ম্রো।

স্থানীয় ম্রো জনগোষ্ঠীর লোকজন জানান, বান্দরবান-রুমা ও থানচি সড়কে চিম্বুক রেঞ্জের সড়কের এপার-ওপার অবস্থিত ম্রো সম্প্রদায়ের লোকজন জুম চাষ ও বাগান চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপন হতে না হতেই ৯৯ ভাগ ঝরে পড়ে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠানোর ব্যাপারেও অভিভাবকদের মধ্যে কোনো আগ্রহ নেই। কারণ, অভিভাবকদের মনে সব সময় চিন্তা ঘুরপাক খায়, প্রাথমিক শিক্ষা সমাপনীর পর পরবর্তী ধাপে কোথায় গিয়ে তাঁদের সন্তানকে পড়াবেন।

তারা বলেন, চিম্বুক রেঞ্জে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় অভিভাবকদের দুশ্চিন্তা দূর হয়ে তাঁদের সন্তানদের পড়ালেখা শেখানোর উৎসাহ বাড়বে। এটি যদি দশম শ্রেণি পর্যন্ত উচ্চবিদ্যালয় হতো, তাহলে তাঁদের সন্তানদের চলমান পড়ালেখার সুযোগ বৃদ্ধি পেত বলে মনে করেন তাঁরা।

এদিকে চিম্বুক রেঞ্জে অবস্থিত পূরা-বাংলা এলাকার বাসিন্দা ও রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার, বিএনপি নেতা ঙানরাও ম্রো বলেন, পার্বত্যমন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি সাম্প্রতিক সময়ে ম্রো পাড়া পরিদর্শনকালে তিনি নিজেই চিম্বুক রেঞ্জের অধিবাসীদের শিক্ষার সুযোগ তৈরি করতে আবাসিক সংযুক্ত মহাবিদ্যালয়সহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।

জুনিয়র স্কুল প্রতিষ্ঠা ছাড়াও মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাসিক সংযুক্ত কারিগরি শিক্ষাসহ কলেজ প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে তাঁরা জায়গা নির্বাচন নিয়ে কাজ করছেন। চিম্বুক রেঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সার্বিক সহযোগিতার কাজে পার্বত্যমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানান মেম্বার ঙানরাও ম্রো।

অন্যদিকে চিম্বুক রেঞ্জের স্থানীয় লোকজন বলেছেন, চিমবক ম্রো নামে একজন মৌজার হেডম্যান ছিলেন। সময়ের বিবর্তনে ‘চিমবক’ থেকে বর্তমানে ‘চিম্বুক’ হয়েছে। মৌজার হেডম্যান প্রয়াত চিমবক ম্রোর নামানুসারে এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd