শেরপুর প্রতিনিধি:
“আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে বিপদে আছি”—৮০ বছর বয়সী সাজু শেখের এমন হৃদয়বিদারক আকুতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, অসুস্থ ও অসহায় ৭০ বছর বয়সী স্ত্রী নুরজাহানকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাচ্ছেন বৃদ্ধ স্বামী।
বৃদ্ধ দম্পতির এই অসহায়ত্বের ভিডিওটি নজরে আসে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ নেন তিনি। তাঁর নির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহানের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা। হঠাৎ প্রশাসনের কর্মকর্তারা তাঁদের বাড়িতে গিয়ে পাশে দাঁড়ানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় এই দম্পতি।
শুধু তাৎক্ষণিক সহায়তা দিয়েই থেমে থাকেনি প্রশাসন। ভবিষ্যতে খাবারের প্রয়োজন হলে যেন তাঁদের অসহায় অবস্থায় থাকতে না হয়, সেজন্য বৃদ্ধ দম্পতির ছেলে নুর ইসলামকে ইউএনওর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যে কখনো কখনো অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে—সাজু শেখ ও নুরজাহানের ঘটনায় যেন তারই প্রমাণ মিলল।
অসহায় মানুষের কান্না ও আকুতি যখন প্রশাসনের নজরে আসে, তখন মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।