মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ, হাজারো দর্শকের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেরপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, খেলোয়াড়, ম্যানেজমেন্ট টিম এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শকদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এরপর অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় শেরপুর সদর পৌরসভা ও নালিতাবাড়ী পৌরসভা। জমজমাট এ ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে পুরো সময়জুড়েই গ্যালারিতে ছিল উচ্ছ্বাস ও করতালির রেশ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শেরপুরের ক্রীড়াঙ্গনে এখন উৎসবের আমেজ। টুর্নামেন্টের অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়দের প্রতি রইল আন্তরিক শুভকামনা।