কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
“বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী ও শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) ইউএনডিপি’র উদ্যোগে অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়। জনাব সামপুই বম-এর সার্বিক পরিচালনায় বর্ণাঢ্য র্যালি শেষে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুথাং খুমী, ইউপি সদস্য ও জনাব লাইথাং খুমী, সাবেক ইউপি সদস্য। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ে ও শিশু অধিকারে বিনিয়োগ করতে সমাজ ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। সহনশীল জাতি ও উন্নত সমাজ গড়তে হলে সচেতনতার শুরু নিজের ঘর থেকেই করতে হবে। প্রতিটি পরিবার যদি এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকে, তাহলে ১৮ বছরের আগে বাল্যবিবাহ বন্ধ করা শতভাগ সম্ভব।
বক্তারা আরও বলেন, তা না হলে জাতি ও সমাজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই প্রতিটি পরিবারকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।