সিলেট প্রতিনিধি:
সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী।
সভায় তৃণমূল পর্যায়ে আলেমদের ঐক্যবদ্ধ করা, আলেম-ওলামা ও মাদরাসাশিক্ষার্থীদের অধিকার আদায় এবং সমসাময়িক বিভিন্ন দাবি ও বিষয়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা এনাম বিন সিদ্দিক। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক মাওলানা সালিম আহমদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাওলানা মাকসুদুর রহমান এবং তরুণ আলেম প্রজন্ম-২৪-এর নির্বাহী সদস্য মাওলানা ত্বহা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশরাফ উদ্দিন মাহদী বলেন, তৃণমূলের হাত ধরেই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা আলেমদের ঐক্যবদ্ধ করার কাজ করছে। আলেম-ওলামা ও মাদরাসাশিক্ষার্থীদের অধিকার আদায়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “শাপলা হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স ইতোমধ্যে সোচ্চার ভূমিকা পালন করছে। এসব দাবি আরও জোরালোভাবে সামনে নিয়ে যেতে তৃণমূলের আলেমদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।”
সভায় বক্তারা বলেন, আলেমসমাজের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন এলাকার আলেম, মাদরাসাশিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।