খুলনা ব্যুরো:
খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু। অতিথি হিসেবে তিনি শিশুদের ছবি আঁকার ক্লাস পরিচালনা করেন।সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া হয়। প্রতিকূলতার মধ্যেও এসব শিশুকে শিক্ষার আলোয় এগিয়ে নেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সিইউসি স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সিইউসি সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি গত দুই বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের বিনা বেতনে ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে আসছেন। প্রতি সপ্তাহের রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিইউসি স্কুলে এই ক্লাস পরিচালিত হয়।৪ অক্টোবর বিকেল ৪টার দিকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের খুলনা আর্ট কলেজের ঘনিষ্ঠ বন্ধু চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় মিলন বিশ্বাস তাঁকে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দেখা করার জন্য সিইউসি স্কুলে যাওয়ার আমন্ত্রণ জানান। পরে মেহেদী হাসান হিমু সিইউসি স্কুলে এসে শিশুদের সঙ্গে সময় কাটান এবং ছবি আঁকার ক্লাস পরিচালনা করেন। এ সময় ক্লাসের দায়িত্ব তাঁর হাতে তুলে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।ক্লাস শেষে সিইউসি স্কুলের শিক্ষার্থী ফাল্গুনী আক্তার তোহা একটি গজল পরিবেশন করে অতিথিকে মুগ্ধ করেন। শিশুদের বিভিন্ন কার্যক্রম ও প্রতিভা দেখে চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু আনন্দ প্রকাশ করেন। তিনি শিশুদের প্রতিভার প্রশংসা করে ভবিষ্যতে আবারও তাদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেন।পরে চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু সিইউসি স্কুলের সকল শিক্ষার্থীর হাতে টিফিন তুলে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আবারও স্কুলে এসে তাদের সঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানান।বিশেষ কারণে সেদিন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের সভাপতি উপস্থিত ছিলেন না। তবে স্কুলের শিক্ষিকা ঝর্না আক্তার ও মোঃ দুলাল উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আবারও স্কুলে এসে শিশুদের উৎসাহিত করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান।শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সিইউসি স্কুলে খেলাধুলার সুযোগও রয়েছে। শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী প্রদানের মতো কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। সামান্য সহযোগিতাও একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের শৈশব ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।