মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ নাজির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ৩নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোঃ নাজির হোসেনকে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ৩নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মমতাজ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আসগর আলী স্বাক্ষরিত এক আবেদনে নাজির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
ওই আবেদনে বলা হয়, নাজির হোসেন ১নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে তিনি মাদকসহ হরিপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও আবেদনে দাবি করা হয়।
পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে বহিষ্কারাদেশ জারি করা হয়। একই সঙ্গে বহিষ্কারাদেশের অনুলিপি ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং ৩নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।