মোঃ মোস্তাকিম বিল্লাহ্
নীলফামারী জেলা প্রতিনিধি
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের উদ্যোগে এক
বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে ডিমলা বিজয় চত্বর থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শুটিবাড়ী মোড়, মেডিকেল মোড়, পোস্ট মোড় ও থানা এলাকার সামনে দিয়ে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো র্যালি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালি শেষে ডিমলা বিজয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মো. তাইবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মোরসালিন বোখারী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅধিকার পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।