কলমে: আফরিন চৌধুরী
জুলাই ছিল জ্বলন্ত এক নদী,
রক্তে-ঘামে ভেজা প্রতিটি গলি।
স্বপ্ন ছিল চোখে, আর আগুন বুকে,
ছাত্রেরা হাঁটছিল অন্যায়ের মুখে।
আবু সাঈদ — নাম নয়, প্রতিরোধের শপথ,
রক্ত ঝরিয়েও বাঁচিয়ে গেছে সাহসের শপথ।
মুগ্ধ ছিল মিছিলের ডাক,
চোখে বজ্র, মুখে গান— “নব প্রভাত”।
রাজপথ ভরে ওঠে স্লোগানে,
বুলেট আসে, তবু ভয় পালায় প্রানে।
ইন্টারনেট কেটে, সত্যকে থামাতে চায়,
তবু জনতা জানে— আলো থামে না হায়।
তারপর এলো দিন, কেউ ভুলবে না যেই…
তারিখ ছিল ৫ আগস্ট,
ক্যালেন্ডারে লেখা থাকলেও—
তার নাম ৩৬ জুলাই।
ছাত্রেরা বলল:
“আমরা থামিনি, ইতিহাস বদলে দিয়েছি,
এটাই আমাদের বিজয়ের সময়!”
চোখ ভেজা ছিল আবু সাঈদের স্মৃতিতে,
তবু হাসছিল সবাই, মুগ্ধ ছিল আশার দৃষ্টিতে।
বিনা নেতায়, নিরস্ত্রে, সংগঠনের বাইরে,
ছাত্ররা গড়েছিল দেশের ভেতর আরেকটি সূর্যোদয়।
তারা বলেছিল—
“৩১ জুলাই পেরিয়েও,
অন্যায়ের রাত শেষ হয়নি,
তাই ৩২, ৩৩…
আর ৩৬ জুলাই—
আমরা ফিরিয়ে এনেছি ন্যায্যতা।”
৩৬ জুলাই শুধু এক দিন নয়,
তা হলো প্রজন্মের জেগে ওঠার পরিচয়।
যেখানে শহিদের রক্তে লেখা হয়েছিল পংক্তি—
“বিজয় মানেই সত্য, আর সত্য মানেই আমরা।”