স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ডিমলা থানার আওতাধীন সীমান্তবর্তী থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মো. আনারুল ইসলাম (৬০) ও মো. আব্দুল মান্নান (৫২)।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ অর্থসহ জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও অন্যান্য জব্দ সামগ্রীসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।