জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার, গ্রাহক হয়রানি বন্ধ এবং লোডশেডিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার রংপুর নগরীতে আধা ঘণ্টার স্তব্ধকরণ কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। কর্মসূচির কারণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরো নগরীর জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
কর্মসূচির অংশ হিসেবে রংপুর প্রেসক্লাবের সামনে এবং নগরীর শাপলা চত্বরে একযোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ মিছিল নিয়ে এসে এই কর্মসূচিতে অংশ নেন।
স্তব্ধকরণ চলাকালে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং লালবাগ থেকে কাছারী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। রাস্তায় থাকা বাস, অটো, রিকশা সবই ঠায় দাঁড়িয়ে যায়। যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানান সাধারণ মানুষ।
রংপুর প্রেসক্লাবের সামনের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতা আনোয়ার হোসেন বাবলু বলেন, প্রিপেইড মিটার হলো জনগণের পকেট কাটার যন্ত্র। ডিমান্ড চার্জের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।
শাপলা চত্বরের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক দেলোয়ার হোসেন আরেফিন তিতু বলেন, সরকার যদি ৪ দফা দাবি মেনে না নেয়, তাহলে আগামী ২০ সেপ্টেম্বর আমরা নেসকোর কার্যালয় ঘেরাও করব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মমিনুল ইসলাম, রাজু বাঁশফোর, মমিনা বেগম ও আশরাফি ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে বিদ্যুৎ গ্রাহক ফোরাম ৪ দফা দাবি জানায়:
1. প্রিপেইড মিটার বাতিল করতে হবে
2. ডিমান্ড চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে
3. গ্রাহক হয়রানি ও অতিরিক্ত বিল বন্ধ করতে হবে
4. অনিয়মিত লোডশেডিং বন্ধ করতে হবে
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।