ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভরণিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন আলম ভরণিয়া এলাকার সম্পদবাড়ী গ্রামের মৃত মন্টুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাণীশংকৈল থানার এসআই আব্দুর রউফ, এএসআই জ্যোতিষ চন্দ্র রায়, এএসআই সামিউল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় শাহিন আলমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভরণিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।