সানজিদা রুমা, নরসিংদী
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, “ভারত সরকার কতটা নির্লজ্জ হলে দীর্ঘদিন ধরে এমন একটি অবৈধ ও অসংবিধানিক সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে!”
শনিবার ৮ আগস্ট বিকেলে ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের আয়োজনে শিশু একাডেমিতে “৩৬ জুলাই বিশেষ স্মরণ, সম্মাননা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোকন বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে এ দেশের বিচার ব্যবস্থায় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। “তারা মূলত বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তি ও দলকে সমর্থন দিয়েছে। এর মাধ্যমে ভারতের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এবং দ্বৈত নীতি আজ স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি বলেন, গত ৫ আগস্ট যখন স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেতে লক্ষ-কোটি মানুষ রাস্তায় নেমেছিল, ১৮ কোটি মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছিল, ঠিক সেই দিনই ভারত সরকার শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার এবং গণমাধ্যমে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে।
পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানানো হলে তারা দায়িত্বজ্ঞানহীনভাবে দাবি করে, এ বিষয়ে তারা কিছুই জানে না।
“তাদের এমন বক্তব্য বাংলাদেশের প্রতি চরম অবজ্ঞা ও অবহেলার শামিল। ভারত বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করে, এই ঘটনা তারই প্রমাণ। আর এ কারণেই আজ দেশের সাধারণ জনগণের মাঝে তীব্র উৎকণ্ঠা, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে,” বলেন বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের সভাপতি সোহান হায়দার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাজিবুল হাসান ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতরা।