খুলনা ব্যুরোঃ
খুলনা মহানগরীর লবণচরা এলাকা থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি ও সীসা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ ডালিম খান ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-৬)।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,মোঃ ডালিম খান (৪০): পিতা- মৃত নওয়াব আলী খান, সাং- ভাজাওয়ালা।
রানা: পিতা- আনিস, সাং- সোনার বাংলা গলি।
আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮): পিতা- নুরুল হক, সাং- সোনার বাংলা গলি।
আসামিরা সবাই খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির টিম আমতলা ২য় গলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে উক্ত তিন সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মূল আসামি মোঃ ডালিম খানের নাম-ঠিকানা ও অপরাধের বিবরণ (পিসি-পিআর) পর্যালোচনা করে জানা গেছে, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক ধারায় মোট ৭টি মামলা রয়েছে। এলাকায় সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।