মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অটোচালকের গলায় ছুরি ঠেকিয়ে অটো চার্জার গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই থানায় অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে প্রায় দেড় ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া অটো চার্জারটি উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। এ ঘটনায় সবুজ আলী (৩০) নামে এক যুবককে ছুরিসহ আটক করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকা থেকে অটোচালক মোঃ জাহিদ হাসান (২১)-এর সঙ্গে ঘণ্টাপ্রতি ৭০ টাকা ভাড়ায় ঘুরতে যাওয়ার কথা বলে অটোতে ওঠেন এক ব্যক্তি। পরে অটোটি নিয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় যান তারা।
অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নেকমরদ এলাকায় পৌঁছানোর পর অটোচালক জাহিদ হাসানের গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তার অটো চার্জার গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই জাহিদ হাসান রাণীশংকৈল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাইসহ থানার পুলিশ সদস্যরা দ্রুত অভিযানে নামেন।
পুলিশের তৎপরতায় বিকেল ৪টার মধ্যেই ছিনতাই হওয়া অটো চার্জার গাড়িটি উদ্ধার করা হয়। একই অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ আলী (৩০) নামে এক যুবককে একটি ছুরিসহ আটক করা হয়।
আটক সবুজ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকার কুদ্দুস আলীর ছেলে।
ঘটনার পর অল্প সময়ের মধ্যে অটো চার্জারটি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অটোচালক জাহিদ হাসান। স্থানীয়দের মধ্যেও পুলিশের দ্রুত অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি। আমার নেতৃত্বে এসআই নিতাইসহ থানার অফিসার ও ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাই হওয়া অটো চার্জারটি উদ্ধার করা হয়েছে এবং ছুরিসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।