ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসুন্দরপুরে অভিযান চালিয়ে রাজপাড়া থানার চাঞ্চল্যকর বারী হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. রবিউল (৫৩)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২১ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এবং চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর নারী হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নামোসুন্দরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জামাল উদ্দিন।
র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারের পর রবিউলকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।