মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ছিনতাই হওয়া অটোরিকশা দ্রুত উদ্ধার এবং ছবির সূত্র ধরে ছিনতাইকারীকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ও এসআই নিতাই চন্দ্র রায়কে পুরস্কৃত করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ স্বীকৃতি দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ী এলাকা থেকে একটি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অটোরিকশার চালক রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গিয়ে ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাণীশংকৈল থানার পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
ওসি আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাইসহ পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ও মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সরুজ আলী (৩০), পিতা—কুদ্দুস আলী, সালন্দর, ঠাকুরগাঁও সদর-কে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশের দ্রুত অভিযানে প্রায় দেড় ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া অটো উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে প্রশংসা দেখা দিয়েছে।
অপরাধ দমনে দ্রুত সাড়া, ছিনতাই হওয়া যানবাহন উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে দক্ষতার স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন ওসি আমানুল্লাহ আল বারী ও এসআই নিতাইকে পুরস্কৃত করেন।
পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের এ স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।