মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
দায়িত্ব পালনে প্রশংসনীয় কর্মদক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ৩১ জন অফিসার ও ফোর্সকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা নানা প্রতিকূল আবহাওয়া ও কঠিন পরিস্থিতির মধ্যেও অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ হতে হবে ভদ্র, মানবিক ও সহনশীল। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে থাকতে হবে দৃঢ়। কোনো নাগরিক রাগান্বিত বা উত্তেজিত হলেও পুলিশ সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, “আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরে যাব।” তাই দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সমস্যা ও পরিস্থিতি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। মানুষের সব সমস্যার সমাধান পুলিশের পক্ষে সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমেই সাধারণ মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, গত এক মাসে দায়িত্ব পালনে প্রশংসনীয় কর্মদক্ষতা প্রদর্শনের জন্য ট্রাফিক বিভাগের ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলসহ মোট ৩১ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার জন্য ট্রাফিক বিভাগের সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলামসহ ট্রাফিক বিভাগ ও কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।