ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমী স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গম্ভীরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।