জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহা সপ্তমী আজ শনিবার, ১৭ই অক্টোবর।
পঞ্জিকায় উল্লেখিত নির্ঘণ্ট অনুযায়ী সপ্তমীবিহিত পূজার নির্ধারিত সময় সকাল ৭টা ৩১ মিনিট থেকে ৯টা ৫৭ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে পূজা বিধি সম্পন্ন করার কথা রয়েছে। তবে এ বছর সপ্তমী তিথি আগামীকাল পর্যন্ত থাকবে, যে কারণে আগামীকালও প্রতিটি মণ্ডপে সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের এই তিথি দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শক্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করবেন।
পূজা বিধি অনুসারে বিভিন্ন পবিত্র জল ও উপকরণ ব্যবহার করে দর্পণে প্রতিফলিত প্রতিমার উদ্দেশ্যে এই স্নান সম্পন্ন করা হয়।
প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান কচু ও ধান গাছ এই নয়টি উদ্ভিদ একত্রে করে নবপত্রিকা প্রস্তুত করা হয়।
দিনভর পূজা মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। বিভিন্ন মণ্ডপে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে মহা সপ্তমী। সন্ধ্যায় ধূপ-প্রদীপ ও অন্যান্য পূজা সামগ্রী দিয়ে অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। শঙ্খ ও ঢাকের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মণ্ডপের পরিবেশ।