নীলফামারী প্রতিনিধি:
পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা অংশ নেন।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশনে ডিজিটাল পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা করতে না দেওয়া এবং দলিল রেজিস্ট্রির জন্য দলিল লেখকদের মাধ্যমেই দাখিলের ব্যবস্থা করা।
এ ছাড়া থানা, উপজেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অননুমোদিত ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের পেশাগতভাবে হয়রানি না করা এবং দলিল লেখক কল্যাণ ট্রাস্ট গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে।
সমাবেশে জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি-জমা ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে আসছেন। ডিজিটাল পদ্ধতি চালুর নামে দলিল লেখকদের পেশাগত অধিকার ক্ষুণ্ন করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী বলেন, দলিল লেখকদের বাদ দিয়ে ভূমি ও সম্পত্তি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হলে সাধারণ মানুষও নানা ধরনের ভোগান্তি ও জটিলতার মুখে পড়তে পারেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলিল লেখকরা জনগণকে সেবা দিয়ে আসছেন। তাই তাদের দাবি উপেক্ষা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক দলিল লেখক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পত্তি নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই তাদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
পরে বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।